স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী ২০টি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহষ্পতিবার সচিবালয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্যখাতে চলমান অর্থবছরের কর্মসূচিগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যখাতে গৃহীত সরকারের উদ্যোগের সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করেছে। এই সাফল্য অব্যাহত রাখতে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে সবাইকে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে সফল করার লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।
সূত্র: বাসস