আইপিএল খেলতে গিয়ে ভাষার বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশের কাটারখ্যাত মুস্তাফিজুর রহমান। যার কারণে দোভাষী নিয়োগ দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট।
কিন্তু তাতেও যেনো সমাধান মানছেন না টিম ম্যানেজমেন্টের অনেকেরই। আর তাই হায়দরাবাদ সানরাইজার্সের মেন্টর, কোচ ও অধিনায়ক এখন বাংলা শেখার চেষ্টা করছেন।
মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের ভাষা বোঝার সাধ্য নেই। তবে তার মুখের ভাষা বোঝার চেষ্টা তো করা যেতে পারে!

মেন্টর ভিভিএস লক্ষ্মণ তো তার টুইটে সরাসরি দুটি বাংলা শব্দই ব্যবহার করেছেন। কোচ টম মুডির বাংলা এখনো শক্তপোক্ত হয়নি। তিনি ‘বাংলিশ’-এ টুইট করেছেন।
এদিকে দলের প্রধান বোলিং অস্ত্র কাটার মাস্টার মুস্তাফিজের জন্য স্বয়ং নিজেই বাংলা শিখছেন ওয়ার্নার। তাও আবার গুগল ট্রান্সলেটরে। ইংরেজি থেকে বাংলা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় ওয়ার্নার জানান, আমি ফিজের জন্য গুগল ট্রান্সলেটরের দ্বারস্ত হচ্ছি। শিখতে চেষ্টা করছি কিভাবে বাংলায় কথা বলতে হয়, হা হা। থোরা থোরা।