যৌনদাসী হতে রাজি না হওয়ায় ২৫০ নারীর শিরশ্ছেদ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে এ ঘটনা ঘটে। বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এর আগেও আইএসের বিরুদ্ধে নারীদের যৌনদাসী হিসেবে বাধ্য করার অভিযোগ ওঠে।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, ওই নারীদের অল্প সময়ের জন্য সন্ত্রাসীদের বিয়ে করার প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় পরিবারের সদস্যসহ তাদের হত্যা করে আইএস। কুর্দিশ ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র সাঈদ মামুজিনি বলেন, ২৫০ নারীকে যৌনদাসী হতে নির্দেশ দিয়েছিল আইএস। ওই নির্দেশ অমান্য করায় ২৫০ নারীর শিরশ্ছেদ করা হয়েছে। লন্ডনভিত্তিক কুর্দিশ বার্তা সংস্থা ‘আহলালবায়েত’-এ সাঈদ মামুজিনি এসব কথা বলেন।
প্যাট্রিয়াটিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির গায়াস সুরচি বলেন, আইএস নিয়ন্ত্রিত এলাকায় এভাবে বারবার ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে এ সব অঞ্চলে নারীদের ভোগ্যপণ্য হিসেবে দেখা হয়। নারীদের সঙ্গী বাছাইয়ের কোনো অধিকারও নেই। তিনি অভিযোগ করেন, মসুল শহরে নারীদের একা বাইরে বের হওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০১৪ সালের জুন থেকে মসুলের নিয়ন্ত্রণ আইএসের হাতে। এর পর থেকে ওই এলাকায় প্রায়ই হত্যাকাণ্ড ঘটানোর খবর পাওয়া যায়। আইএস যোদ্ধাদের সঙ্গে যৌনকর্মে রাজি না হওয়ায় গত বছরের আগস্টে মসুলের ১৯ নারীর শিরশ্ছেদ করা হয়।
২০১৪ সালের আগস্টে ৫০০ ইয়াজিদি নারী ও কিশোরীকে অপহরণের পর যৌনদাসী করে আইএস। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আশা প্রকাশ করেন, মসুল শহরটি পুনরায় দখল করা হবে। তিনি বলেন, আমি আশা করি এ বছরের শেষে মসুল শহরের নিয়ন্ত্রণ আমাদের কাছে ফিরবে।