আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ছয় মাসে সৌদি আরবের আল-জাউফ থেকে ৯ হাজার ৮৬২ জন শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তারক্ষী বাহিনী।
চুরি, জাদু ও মদ তৈরির মতো অপরাধ দমনে সৌদিতে নিয়মিত ধরপাকড় অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা কর্তৃপক্ষ। শুক্রবার সৌদির প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আল-জাউফ পুলিশের সহকারী গণমাধ্যম মুখপাত্র মেজর ইয়াজিদ বিন সাউদ আল নোমাস বলেন, শ্রম মন্ত্রণালয়কে সহায়তা করেছে নিরাপত্তা কর্মকর্তারা। সামনে আরও অভিযান চালানো হবে। আবাসন আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
তিনি বলেন, ওই অঞ্চলের কয়েকটি এলাকা চারদিক থেকে ঘিরে অভিযান চালানো হয়। যাতে তারা পালিয়ে যেতে না পারে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন দেশের নাগরিক। এরা পেশায় শ্রমিক। তাদের এখন আটক কেন্দ্রে রাখা হয়েছে।এখানেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছে কি না সে সম্পর্কে কিছুই জানা যায়নি। পুলিশ বলছে, সৌদিতে অধিকাংশ অপরাধই সংঘটিত করে থাকে অবৈধ বাসিন্দারা। যাদের ভিসার মেয়ার শেষ হয়ে গেছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ নভেম্বরের মধ্যে সেদেশে অবস্থানরত অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সময় বেঁধে দেয় সৌদি সরকার। কিন্তু ওই সময়ের মধ্যেও অনেকে বৈধ হতে পারেননি। এরপর অভিযান চালিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, সৌদি আরবে প্রায় ১০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে; যা দেশটির মোট প্রবাসীর তালিকায় তৃতীয় সর্বোচ্চ।