বরগুনা প্রতিনিধি: বরগুনায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের ২য় ধাপের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে। শনিবার সকালে রাস্তায় মাটি দিয়ে কাজের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন বরগুনা সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার।
সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া নৈলতলা থেকে লালগাজী বাড়ির ব্রীজ পর্যন্ত ও কেওড়াবুনিয়া জেলা পরিষদের ভাংগন থেকে শুরু করে হোচেন কেরানি বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের উদ্বোধন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইফতেখার শাহিন, প্রকল্পের সভাপতি সংশ্লিষ্ট ইউপি সদস্য মাইনুদ্দিন ময়না ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক ৭ ঘণ্টা কাজের বিনিময়ে ২০০ টাকা হিসেবে এ প্রকল্পের জন্য বরগুনা সদর উপজেলার ১০ টি ইউনিয়নে সর্বমোট ১০০৪ জন অতিদরিদ্রের জন্য ৮০ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের বিশেষ প্রকল্প অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির নির্দেশনা অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে এ প্রকল্পের অধীনে ২৩ এপ্রিল ২০১৬ থেকে শুরু হয়ে মোট ৪০ দিন সময় সীমার মধ্যে সরকারি ছুটি বাদ দিয়ে ২৩ জুন পর্যন্ত কাজ চলবে বলে সংশ্লিষ্টরা জানান।
সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার সাংবাদিকদের জানান, কাজ তদারকি করার জন্য ইউপি চেয়ারম্যানদের পাশাপাশি প্রতিটা ইউনিয়নে একজন ট্যাগ অফিসার থাকবে। এর পাশাপাশি সঠিক নিয়মে কাজ হচ্ছে কিনা এজন্য মাঠ পর্যায়ে পরিদর্শক টিম সব সময় কাজের তদারকি করবেন বলে তিনি জানান।