নির্ঝর মজুমদার
মাননীয় প্রধানমন্ত্রী, স্ক্রিনশটটি আমি সংগ্রহ করেছি আন্সারুল্লাহ বাংলার একটি প্রোপ্যাগান্ডা ভিডিও থেকে, যেটি পাব্লিশ করা হয়েছে গ্লোবাল ইসলামিক মিডিয়া ফ্রন্ট নামের পৃথিবীর অন্যতম জঘন্য একটি জিহাদি গ্রুপ থেকে- যারা প্রায় ২০ টি দেশে তাদের কর্মকাণ্ড চালায়। এই একই গ্রুপটি এর পূর্বে সকল ব্লগার হত্যার দায় স্বীকার করেছিলো। এই ছবিটিতে আপনার মন্ত্রিসভার সাতজন প্রাক্তন এবং বর্তমান সদস্যের ছবি দেয়া আছে, যাদেরকে বাংলাদেশে তাদের অন্যতম প্রধান শত্রু এবং আপনার প্রিয় ধর্মের শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরাই আমিসহ অনেক মৃত ব্লগারকে পরিত্যাগ করেছেন।
এই তথ্যটি প্রকাশ করার পিছে আমার একটি উদ্দেশ্য আছে। খুব সম্ভবত আপনার ‘কর্মদক্ষ গোয়েন্দাদের’ কাছে ইতিমধ্যেই এই তথ্যটি আছে, তারপরেও দেশের একজন নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে অপরাপর প্রতিটি নাগরিক এর নিরাপত্তা চাই- সে কোন গর্ধব মন্ত্রী হলেও।
আপনি নিজে অনেকবার জঙ্গিদের হামলার স্বীকার হয়েছেন এবং সেই কারণেই একটা সময় পর্যন্ত আমার ধারণা ছিল, আমরা হয়তো একই পথের পথিক, লক্ষ্য অভিন্ন। কিন্তু আমি ভুল ছিলাম এবং এখন নিজেকে প্রতারিতও মনে হয় মাঝেমধ্যে।
যে লড়াইটি আপনার করার কথা ছিল, সেই লড়াইটি আপনি নিজে পরিত্যাগ করেছেন অনেক আগেই। এখন দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও সেটি এড়ানোর চেষ্টা করছেন। সেই লড়াইটি, অসমর্থ হওয়া সত্ত্বেও আমরা কিছুটা করার চেষ্টা করেছি, এবং সেখানে আপনাকে সহ সকল ধর্মনিরপেক্ষতাবাদিকে সুরক্ষিত করার একটি উদ্দেশ্য ছিল।
সেইদিন না দেখার প্রত্যাশা করছি, যেদিন আপনার এই মন্ত্রীগুলোকে আমাদের ‘পর্ণ লেখক’ বলতে হয়।