শামছুল আলম তুহিন: আসন্ন সোনারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীদেরকে গত রবিবার আনুষ্ঠানিকভাবে মনোনয়নের চিঠি হাতে দেয়া হয়েছে।
সোনারগাঁয়ের ১০টি ইউনিয়নের মধ্যে বিগত ইউপি নির্বাচনে পিরোজপুর, কাঁচপুর ও শম্ভূপুরা ইউনিয়ন থেকে বিএনপি প্রার্থী জয়লাভ করেছিল। এ ইউনিয়ন ৩টিতে আওয়ামী লীগের যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পরাজিত হয়েছিলেন, এবারের নির্বাচনে তাদেরকেই দলীয়ভাবে নৌকা প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। পিরোজপুর ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নৌকা প্রতীক পেয়েছেন। কাঁচপুরে ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ ওমর এবং শম্ভূপুরা ইউনিয়নে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এডভোকেট নূরজাহান বেগম নৌকা প্রতীক পেয়েছেন।
মোগরাপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জহিরুল হক, সাদিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা ও নোয়াগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দেওয়ানউদ্দিন চুন্নুকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। এ ৪টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদেরকে মনোনয়ন দেয়া হলোও পরিবর্তন এসেছে অপর ৩টি ইউনিয়নে।
বৈদ্যেরবাজার ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মাহাবুব হোসেন সরকার। তার পরিবর্তে মনোনয়ন দেয়া হয়েছে নতুন মুখ আল-আমিন সরকারকে, সনমান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবুকে মনোনয়ন না দিয়ে দেয়া হয়েছে তরুন প্রার্থী জাহিদ হাসান জিন্নাহকে, এছাড়া জামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফের পরিবর্তে মনোনয়ন দেয়া হয়েছে যুবলীগ নেতা তরুণ প্রার্থী হামীম সিকদার শিপলুকে।
সোনারগাঁয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন যারা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নের প্রার্থীদের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যারা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বাদ পড়েছেন তাদের মধ্যে অনেক প্রভাবশালী প্রাথীর্ই নির্বাচনী মাঠ ছাড়তে নারাজ। দলীয় প্রতীক নৌকা না পেলেও স্বতন্ত্র নির্বাচনে সিদ্ধান্ত নিয়েছেন এসব প্রার্থী।
মনোনয়ন বঞ্চিত এসব প্রার্থীদের দাবি এলাকায় তাদের যথেষ্ট জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। তাছাড়া বিভিন্ন সময়ে দলের জন্য তাদের বিভিন্ন অবদান ও ত্যাগ রয়েছে বলে মনে করেন তারা।
কেন্দ্র থেকে মনোনয়ন না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা বলেন, এলাকায় আমাদের জয়প্রিয়তার প্রমান ভোটের মাধ্যমেই দিবো। মনোনয়ন বঞ্চিত যেসব প্রার্থী মাঠে সরব রয়েছেন তাদের মধ্যে অন্যতম সনমান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু ও বৈদ্যেরবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহাবুব হোসেন সরকার। ইতিমধ্যে দু’জনই নির্বাচনী মাঠ ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন।
তারা জানান, আমরা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। দলের জন্য নিজেদের ব্যক্তিগত উন্নয়নের চিন্তা কখনো মাথায় আনিনি। দিনরাত জনগনের সেবক হয়ে কাজ করেছি। শেখ হাসিনার ডাকে সব সময় ছুটে গিয়েছি আন্দোলনে। হামলা মামলা থেকে আমরাও রেহাই পাইনি। তারপরও দল যেহেতু আমাদের মূল্যায়ন করল না আশা করি জনগণ আমাদের সেই কাজের মূল্যায়ন করবে। আমরা মাঠে ছিলাম মাঠে থাকবো। আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েই নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা যাচাই করার চেষ্টা করবো।
এছাড়া জামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ মো. হানিফ, বৈদ্যেরবাজার ইউনিয়নের ডা. আব্দুর রউফ, সাদিপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়নে মাওলানা ইউসুফ দেওয়ান ও বারদী ইউনিয়নে আমিনুল ইসলাম আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে এখনো মাঠে রয়েছেন।